রোজদিন ডেস্ক, কলকাতা:- তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ শুরুর আগেই শহরে যান নিয়ন্ত্রণ নিয়ে কলকাতা পুলিশের কাজের প্রশংসা করল কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার পুলিশের যান নিয়ন্ত্রণের প্রশংসা করেছেন। জানিয়েছেন, পুলিশ ভাল কাজ করেছে। ভাল ভাবে যান নিয়ন্ত্রিত হয়েছে। আদালতে এক আইনজীবী জানান, অন্যান্য দিনে নিউ আলিপুর থেকে হাই কোর্টে পৌঁছোতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। সোমবারও তা-ই লেগেছে। তখন বিচারপতি ঘোষ জানান, স্বাভাবিক সময়ই লেগেছে। রাস্তায় ট্র্যাফিকের কোনও সমস্যা নেই।
সোমবার সকালে এজলাসে বসেই কলকাতা পুলিশকে কার্যত সার্টিফিকেট দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের অভিযোগে দু’দিন আগে কার্যত খড়্গহস্ত হয়েছিল হাইকোর্ট। শহর স্বাভাবিক রাখতে কার্যত সময় বেঁধে দিয়েছিল আদালত। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরে যাতে কোনও যানজট না-হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে লালবাজারকে। এরপরই, রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একাধিক নির্দেশিকা দিতে দেখা যায় কলকাতার পুলিশ কমিশনারকে। সেই মতো সপ্তাহের প্রথম দিনেই তৃণমূলের শহীদ দিবসের সকাল থেকেই যান নিয়ন্ত্রণ করে কলকাতা পুলিশ। এ দিন অফিস যাত্রী ও আইনজীবীদের যাতে কাজের জায়গায় পৌঁছতে দুর্ভোগ না হয়, সেই ব্যাপারে কলকাতার পুলিশ কমিশনারকে সতর্ক করে গাইড লাইন দেয় আদালত।
এদিন, সোমবার সকালে এজলাসে বসেই অবশ্য রাস্তার হাল নিয়ে সন্তোষ প্রকাশ করে আদালত। তার সঙ্গে সহমত প্রকাশ করে নিউ আলিপুর থেকে আসা এক আইনজীবী দাবি করেন, আজও অন্য দিনের মতো একই সময়ে তিনি বাড়ি থেকে গাড়ি নিয়ে কোর্টে পৌঁছেছেন। যা শুনে বিচারপতির বক্তব্য, ‘আমি তো বরাবর বলি কলকাতা পুলিশের উপর আমার ভরসা আছে।’

Be the first to comment