রোজদিন ডেস্ক : দীর্ঘদিন ধরে চলা এলগার পরিষদ মামলায় আজ দুই সমাজকর্মী সাগর গোরখে ও রমেশ গাইছোরকে জামিন দিলো বম্বে উচ্চ আদালত। ২০২০ সালের সেপ্টেম্বরে মাওবাদীদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়। এখন তাঁরা তালোজা জেলে আছেন।
বিচারপতি এ এস গড়কড়ির নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলায় ইতিমধ্যে দীর্ঘ কারাবাসের প্রেক্ষিতে অনেকে জামিন পেয়েছেন, খুব শীঘ্র এর বিচার পর্ব শুরু হওয়ার সম্ভাবনাও কম। তাঁদের ১ লক্ষ টাকার জামিন বন্ড ও মাসে একবার করে এনআইএ-র অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর এলগার পরিষদের সমাবেশে প্ররোচনামূলক বক্তব্য রাখার অভিযোগে অন্তত ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে বিশিষ্ট আইনজীবী, সমাজকর্মী, শিক্ষাবিদ প্রমুখ আছেন।
এর প্রেক্ষিতে পরদিন পুণের সীমান্তে ভীমা কোরেগাঁও হিংসাত্মক ঘটনা হয় বলে পুলিশের অভিযোগ।
পুণে পুলিশের দাবি ছিল, ওই সম্মেলন মাওবাদীদের মদতে হয়েছিল। প্রথমে তারাই এর তদন্ত করছিল, পরে এনআইএ এই তদন্তভার নেয়।
এই ঘটনায় ধৃত ফাদার স্ট্যান স্বামী কারাবন্দি অবস্থায় ২০২১ সালে শেষ নিশ্বাস ফেলেন।
ভারভারা রাও, গৌতম নভলাখা, সোমা সেন, সুধীর ধাওয়ালে, রোনা উইলসন প্রমুখ বহু বিশিষ্ট ব্যক্তিরা অভিযুক্তদের মধ্যে আছেন।

Be the first to comment