রোজদিন ডেস্ক : রাজ্যে তাড়াহুড়ো করে এসআইআরের কাজ হচ্ছে বলে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ক্ষোভ প্রকাশ করেছেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যে ভাবে এই কাজ হচ্ছে, তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপদে ফেলতে পারে বলে তিনি মনে করেন।
সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানান, ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া ভোটাধিকারকে শক্তিশালী করে,গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিফলিত করে, তবে এই প্রক্রিয়া আরও সময় নিয়ে, যত্ন সহকারে করা উচিত। এই রাজ্যে তা হয়নি।
সম্প্রতি অমর্ত্য সেনকেও এসআইআরের নোটিশ পাঠানো নিয়ে রাজ্যের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর তীব্র সমালোচনায় মুখর হন।
চাপের মুখে গত ১৬ জানুয়ারি তাঁর শান্তিনিকেতনের বাড়িতে কমিশনের প্রতিনিধিরা যান।
নথির জন্য তাঁর ভারতরত্ন সম্মানের নথি দেখাতে হবে কিনা প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁদের।
এই সব নিয়ে অমর্ত্য সেনের বক্তব্য, মনে হয় কমিশনের আধিকারিকদের হাতেও সময় নেই। তাঁর যখন জন্ম হয়, তখন শান্তিনিকেতন নিছক একটি গ্রাম ছিল, এই রকম বহু মানুষেরই নথিজনিত সমস্যা আছে।
বিশেষত গরিব, প্রান্তিক মানুষের পক্ষে নথি সংগ্রহ করা কঠিন বলে তিনি মনে করেন। কোন প্রকৃত নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তিনি চান।

Be the first to comment