রোজদিন ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবার ২৪ জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রেপন্সি ও আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশ করার কথা ছিল। সেই মতো শনিবার রাতে দিল্লি থেকে সেই তালিকা কলকাতায় চলে আসে। রাত সাড়ে ৯টার পর রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তালিকা আপলোড করা হয়েছে। সেই সঙ্গে ইআরও এবং এইআরও-দের কাছে বুথভিত্তিক এই তালিকা পাঠানো হয়েছে। রবিবার সকাল থেকে আদালতের নির্দেশ মতো নির্দিষ্ট জায়গা অর্থাৎ পঞ্চায়েত অফিস, ব্লক ও ওয়ার্ড অফিসে তালিকা টাঙিয়ে দেওয়া হবে। তখন সাধারণ ভোটাররা তালিকা দেখতে পারবেন। জানা গিয়েছে, আপাতত এই তালিকায় প্রায় ১ কোটি ৫১ লক্ষ ভোটারের নাম রয়েছে। এঁদের তথ্যগত অসঙ্গতি না হয় ম্যাপিংয়ের সমস্যা রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে শীর্ষ আদালত ২৪ জানুয়ারির মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল, সেখানে গোটা দিন গড়িয়ে এত রাতে কেন তালিকা প্রকাশিত হল? সূত্রের খবর, তালিকা প্রকাশের আগে দফায় দফায় রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে আধিকারিকরা বসে আলোচনা করেন। দিল্লি থেকেও এ বিষয়ে পরামর্শ নেওয়া হয়। শেষমেশ রাতে সম্পূর্ণ তালিকা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বলে জানিয়েছে সিইও দফতর। এই তালিকা প্রকাশকে নিজেদের বড় জয় বলেই দেখছে তৃণমূল কংগ্রেস। কারণ, তাঁদের দায়ের করা মামলাতেই সুপ্রিম কোর্ট এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল।

Be the first to comment