টলিউডে কর্মবিরতি উঠলো, কাল কাজ শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা লেখক রাহুল অরুণোদয় ব্যানার্জির অকাল প্রয়াণের রহস্য উদঘাটন, শুটিং-এ নিরাপত্তার দাবিতে আজ টলিউডে শিল্পী কলাকুশলীরা কর্মবিরতি করেন। তা অনির্দিষ্টকালের জন্য চলবে বলে আভাস মিলেছিল। আজ সকাল থেকে দফায় দফায় বিভিন্ন সংগঠন এই নিয়ে বৈঠক করেন। সেখানে আগামীকাল থেকে কর্মবিরতি তোলা হলেও লীনা গাঙ্গুলির সংস্থা “ম্যাজিক মোমেন্টস” এর হয়ে কেউ আপাতত কোন কাজ করবেন না বলে সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে এই সংস্থার ধারাবাহিকে শুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারান প্রতিভাবান তরুণ জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। এই নিয়ে প্রযোজনা সংস্থার দায়সারা প্রতিক্রিয়া নিয়ে ক্ষুব্ধ টলিউডের বহু মানুষ।
আজ সকাল থেকে এই সব সমস্যা নিয়ে বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করেন। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত ও ছিলেন। অকাল প্রয়াত রাহুল অরুণোদয় ব্যানার্জির স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও উপস্থিত ছিলেন।
সূত্রের খবর, আজ দিনভর দফায় দফায় বৈঠক করে ঠিক হয়েছে, আগামী পনের থেকে ত্রিশ দিনের মধ্যে আদর্শ পরিচালনা পদ্ধতি তৈরি হবে। নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাটো করা হবে। শিল্পী, কলাকুশলীদের জন্য বিমার ব্যবস্থা করতে হবে। যতদিন বিমা না হবে, ঝুঁকিপুর্ণ এলাকায় শুটিং করা যাবে না।

সূত্রের খবর, প্রথমে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির কথা থাকলেও ছবির তৈরির সঙ্গে যুক্ত শিল্পী, বিশেষত কলাকুশলীদের কথা মাথায় রেখে আপাতত কর্মবিরতি তুলছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*