আইপ্যাক কর্তা বিনেশ চান্দেলকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট

Spread the love

রোজদিন ডেস্ক :  বৃহস্পতিবার জামিন পেলেন আইপ্যাক কর্তা বিনেশ চান্দেল। ভোটের ঠিক আগে গত ১৩ এপ্রিল তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপ ও হিসেব বহির্ভূত টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। এছাড়াও হাওয়ালায় বিদেশে টাকা পাচারেরও অভিযোগ রয়েছে চান্দেলের বিরুদ্ধে। এদিন তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট। চান্দেলের জামিনের বিরোধিতা করেনি ইডি। আজ জামিনের আবেদনের শুনানি ছিল। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করেছেন চান্দেল। ইডি চান্দেলের জামিনের ওপর শর্ত আরোপের আবেদন জানায় কোর্টে। তাদের দাবি মেনেই আদালত শর্তের বিনিময়ে জামিনের আবেদন মঞ্জুর করে। আদালত জানিয়েছে, চান্দেল সাক্ষ্যপ্রমাণ বিকৃত করতে পারবেন না। সাক্ষীদের প্রভাবিত করবেন না। চান্দেলকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং সমস্ত তথ্য প্রদান করতে হবে। চান্দেলকে তাঁর পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে। কোথাও গেলে তদন্তকারীদের জানিয়ে যেতে হবে। আদালত নির্দিষ্ট এলাকা ছেড়ে বেরোতে পারবেন না। এর আগে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে গত মঙ্গলবার অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন বিনেশ চান্দেল। কিন্তু, ৪৮ ঘণ্টা আগে করা ওই জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। কিন্তু এদিন তাঁর জামিন মঞ্জুর করা হল, যাকে অনেকে অত্যন্ত তাত্পর্যপূর্ণ ঘটনা বলেই মনে করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*