রমিত সরকার, নদিয়া:
কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার ছায়া থাকলেও সামগ্রিকভাবে শান্তিপূর্ণ আবহেই শেষ হল নদিয়া জেলার ভোটগ্রহণ পর্ব। বুধবার বিকেল ৫টা পর্যন্ত জেলায় ভোট পড়ে ৯০.২৯ শতাংশ, যা শেষ পর্যন্ত বেড়ে দাঁড়ায় প্রায় ৯২ শতাংশে—জেলার ভোটের ইতিহাসে যা সর্বাধিক বলেই মনে করা হচ্ছে।
তবে দিনের শুরুতেই উত্তেজনার ছবি ধরা পড়ে চাপড়া বিধানসভা কেন্দ্রে। অভিযোগ, ৫৩ নম্বর বুথে বিজেপি এজেন্ট মোশারফ মীরকে বসতে বাধা দেওয়া হয় এবং তাঁকে মারধর করা হয়। ঘটনায় তাঁর মাথা ফেটে যায় এবং তাঁকে দ্রুত চাপড়া হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার ভিত্তিতে পুলিশ তৃণমূল কংগ্রেসের ৫ জন কর্মীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। পাশাপাশি ওই বুথে ভোট প্রক্রিয়া ধীরগতির অভিযোগে তৃণমূলের এক এজেন্টকে আটক করা হয়।

অন্যদিকে, নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্মৃতিশেখর গোস্বামীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
করিমপুর বিধানসভা কেন্দ্রে আরও এক বিতর্কিত ঘটনা সামনে আসে। অভিযোগ, কর্তব্যরত এক পুলিশ কর্মী তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন। কংগ্রেস প্রার্থী পূজা রায় চৌধুরী ও তাঁর সমর্থকরা এই নিয়ে প্রতিবাদ জানান। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরে অভিযুক্ত পুলিশ কর্মীকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

এদিন ভোট দিতে না পারার অভিযোগ তুলে প্রায় ৫০ জন গাড়িচালক ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন, যা কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটায়।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, গোটা জেলায় ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রায় ২০ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এছাড়া, ১,৪০০টি মহিলা পরিচালিত বুথে প্রায় ৬ হাজার মহিলা কর্মী দায়িত্ব পালন করেন। মোট ২৪,৬৫২ জন ভোটকর্মী এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেন।
সকাল থেকেই জেলার বিভিন্ন বুথে শৃঙ্খলাবদ্ধ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘ লাইনের পরিবর্তে দ্রুতগতিতে ভোটগ্রহণ হওয়ায় ভোটারদের অপেক্ষাও তুলনামূলক কম ছিল। বুথ সংলগ্ন এলাকায় অযথা ভিড় বা জটলা এদিন বিশেষ চোখে পড়েনি।
এ প্রসঙ্গে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশী জানান, “মারধরের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।” অন্যদিকে, জেলাশাসক শ্রীকান্ত পল্লি বলেন, “ভোট সামগ্রিকভাবে শান্তিপূর্ণ হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ৯০.২৯ শতাংশ ভোট পড়েছে।”
সব মিলিয়ে, কিছু বিচ্ছিন্ন ঘটনা সত্ত্বেও নদিয়ায় এবারের ভোটগ্রহণ পর্ব উচ্চ শতাংশ ভোটদানের মধ্য দিয়ে গণতান্ত্রিক উৎসবকেই সফলভাবে প্রতিফলিত করল।

Be the first to comment