কাল রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ, জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :

আগামীকাল রাজ্যের প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে।

আজ সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। মন্ত্রিসভার সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১টায় লোক ভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর এন রবি মহোদয় তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন। ”

গত ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির মন্ত্রী, নেতাদের উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী ও পাঁচ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। এরপর মাস শেষ হলেও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত না হওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন চিহ্ন উঠেছিল। এবার তার নিরসন হতে চলেছে। তবে কারা মন্ত্রী হচ্ছেন, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কিছু জানাননি। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী ও দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর দিল্লি সফরকালে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে পৃথক ভাবে বৈঠকে এই সব নিয়ে আলোচনা হয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

এবার উত্তরবঙ্গে খুব ভাল ফল করেছে বিজেপি। মন্ত্রিসভায় উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী থাকার সম্ভাবনা। তাঁদের মধ্যে শঙ্কর ঘোষ, মালতী রাভা রায়, শিখা চ্যাটার্জি প্রমুখ থাকতে পারেন। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এই নিয়ে দ্বিতীয় বার বিধায়ক হয়েছেন। প্রথম বার বিধায়ক হওয়ার পর তাঁর বাগ্মীতা, মননশীল, পরিশীলিত ব্যবহার নজর কেড়েছে সব মহলেরই।

সব দিকের ভারসাম্য বজায় রেখেই মন্ত্রিসভা গঠিত হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

এই প্রেক্ষিতে আগামীকাল সল্ট লেকে মুখ্যমন্ত্রীর জনতার দরবার হবে না। দলীয় সূত্রে এই খবর জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*