রমিত সরকার, নদিয়া:
নদিয়ার কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত মোলান্দি গ্রামের ছোট্ট মেয়ে তামান্না খুনের ঘটনায় তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। গতকাল গভীর রাতে অভিযানে মোট ছয়জনকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্তকে কৃষ্ণনগরের নদিয়া জেলা দায়রা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে তিনজন কালীগঞ্জ এলাকার বাসিন্দা এবং অপর একজনকে হরিয়ানার গুরগাঁও থেকে আটক করা হয়েছে। গুরগাঁওয়ে আটক ব্যক্তিকে সেখানকার আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

তামান্না খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকেই দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছিল স্থানীয় বাসিন্দারা। তদন্তে নেমে একাধিক সূত্র ধরে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ।
পুলিশের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত এখনও চলছে। এই খুনের নেপথ্যে অন্য কোনও ব্যক্তি বা বড় চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাইছে না পুলিশ।

Be the first to comment