প্রতিবেদন: SUPREME COURT ON MNREGA : সাবেক ১০০ দিনের কাজ বা মনরেগা প্রকল্প (বর্তমানে জিরামজি প্রকল্প)-এর মতো গ্রামীণ কর্মসংস্থার প্রকল্প মানুষের আশা বা আকাঙ্ক্ষা হতে পারে। কিন্তু তা কখনওই মৌলিক অধিকার হতে পারে না। ওই প্রকল্প নিয়ে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার শুনানিতে এমনই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ২০২০ সালে ১০০ দিনের কাজে মজুরি পেতে দেরি হওয়া ও ন্যূনতম মজুরি না পাওয়ার অভিযোগ তুলে ওই মামলা করেন কয়েকজন সমাজকর্মী। সেই মামলায় প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সংবিধান কাজের অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেয়নি। সংবিধানে তাকে রাষ্ট্রের নির্দেশমূলক নীতির অধ্যায়ে (চতুর্থ অংশ) একে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সরকার এমন নীতি গ্রহণ করবে, যেখানে নির্দিষ্ট মজুরিতে কাজের নিশ্চয়তা দেওয়া হবে। তবে তা কখনওই কাজের মৌলিক অধিকার বা তার সমতুল্য হতে পারে না। আদালতে মামলাকারীর আইনজীবী বলেন, সংবিধানের ২১ অনুচ্ছেদে উল্লেখ করা জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার মৌলিক অধিকারের আওতায় গ্রামীণ কর্মসংস্থার প্রকল্প আনা উচিত, যাতে শ্রমিকেরা ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত না হন। তাঁর যুক্তি উড়িয়ে আদালত বলেছে, ১০০ দিনের কাজের মতো প্রকল্প গ্রামীণ এলাকার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাই বিচারবিভাগীয় নির্দেশ দিয়ে ন্যূনতম মজুরি ঠিক করে দেওয়া উচিত হবে না। কারণ, মজুরি স্থানীয় পরিস্থিতি এবং কাজের ধরনের উপরে নির্ভর করে। সেই ক্ষেত্রে ন্যূনতম মজুরি বেঁধে দিলে কাজের সুযোগ সংকুচিত হতে পারে, যা মোটেও কাম্য নয়।

Be the first to comment