রোজদিন ডেস্ক :
সপ্তাহে পাঁচ দিনের কাজ সহ একাধিক দাবিতে আজ দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস ( ইউ এফ বি ইউ)৷ দিল্লিতে ব্রিকস সম্মেলনের আগের দিন এই ব্যাঙ্ক ধর্মঘটে সমস্যায় পড়েছেন বহু মানুষ।
আগামীকাল পরপর দুদিন ও শনি ও রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। তিনদিনে এই ব্যাঙ্ক বন্ধে উদ্বেগ ছড়িয়েছে দেশের বিভিন্ন রাজ্যে।
ধর্মঘটীদের দাবি, ধর্মঘট সর্বাত্মক হয়েছে। রাষ্ট্রায়ত্ত বেশির ভাগ ব্যাঙ্কেরই ঝাঁপ বন্ধ। ব্যাহত এ টি এম পরিষেবাও। কলকাতা সহ রাজ্যে এই ধর্মঘট সফল, সর্বাত্মক হয়েছে বলে সংগঠনগুলির দাবি।
তাঁদের দাবি না মিটলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর ফের ধর্মঘট হবে। এতেও যদি সুরাহা না হয়, ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটের পথে যাবেন তাঁরা।
ইউ এফ বি ইউ এর বক্তব্য, এখন বেশির ভাগ গ্রাহকই ব্যাঙ্কের ডিজিটাল পরিষেবা ব্যবহার করেন, তাই প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ না রেখে সপ্তাহে পাঁচ দিনের কাজ চালু করা হোক। এর জন্য কাজের দিনগুলির সময় আরও চল্লিশ মিনিট বৃদ্ধিরও প্রস্তাব দিয়েছেন তাঁরা। দু বছর আগে কর্তৃপক্ষ এতে রাজী হলেও এখন অবধি তা কার্যকর না হওয়ায় ক্ষুব্ধ কর্মীরা।
এই ছাড়া বেতন বৃদ্ধি, পেনসন ইত্যাদি দাবিও আছে।
এই ধর্মঘটের জেরে বহু বেসরকারি ব্যাঙ্কের স্বাভাবিক কাজ কর্ম ও আজ ব্যাহত হয়।

Be the first to comment