রোজদিন ডেস্ক, কলকাতা:- ওড়িশায় নারী নির্যাতনের ঘটনা বেড়েছে এই অভিযোগ তুলে ও তার প্রতিবাদে সংসদ ভবনের বাইরে গান্ধী মূর্তির সামনে মঙ্গলবার প্রতিবাদ বিজেডি-র সাংসদদের।
বালেশ্বরের কলেজে ছাত্রীর গায়ে আগুন দেওয়া থেকে সম্প্রতি নাবালিকাকে ধর্ষণের পর জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টার অভিযোগ। বিজেপি সরকারের আমলে চূড়ান্ত অবনতি হয়েছে রাজ্যের আইনশৃঙ্খলার, সেই অভিযোগ তুলে মঙ্গলবার সংসদের বাইরে বিক্ষোভ দেখান বিজু জনতা দলের সাংসদরা।
প্রসঙ্গত উল্লেখ্য, ওড়িশায় ঘটে চলা একের পর এক অপরাধের কথা উল্লেখ করে বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনায় সরব হন ওড়িশার বিজেডি সাংসদেরা। বৃষ্টি মাথায় করেই সংসদে গান্ধীমূর্তির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন তাঁরা। সাংসদ সস্মিত পাত্রের নেতৃত্বে চলছিল এই বিক্ষোভ। তিনি বলেন, ‘বালেশ্বরের কলেজে ঘটে ঘৃণ্য, নারকীয় ঘটনা। আত্মঘাতী হতে হয় অসহায় নির্যাতিত ছাত্রীকে। সেই ঘটনার পরও ঘুমোচ্ছে সরকার। আমরা ন্যায়ের দাবিতে বিচারবিভাগীয় তদন্ত চাইছি।’
তিনি আরোও বলেন, ‘ওড়িশার মহিলা শিশুদের জন্য আমাদের ন্যায়ের দাবি যাতে কেন্দ্রের কান পর্যন্ত পৌঁছায় এবং পার্লামেন্টে ওঠে, তার জন্যেই আমাদের এই প্রচেষ্টা। ওড়িশায় ডবল ইঞ্জিন সরকারের আসল রূপটা আমরা তুলে ধরতে চায়। ওড়িশায় যে সব নারী ও শিশু অত্যাচারের শিকার, তারা যেন ন্যায় পান। এটাই আমাদের লক্ষ্য।’
এখানেই শেষ নয়, বিজেডি সাংসদ সস্মিত পাত্রের আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির নেতৃত্বাধীন সরকার আসলে কোনও কাজ করছে না। তাই ওড়িশার বিজেপি সরকারের আসল চিত্র তুলে ধরতেই সংসদে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন।

Be the first to comment