রোজদিন ডেস্ক, কলকাতা:- ‘অপারেশন সিঁদুর’-এর প্রচারে ইন্দোনেশিয়ায় ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল। জাকার্তায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি বিশ্বাস করি, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ এখন আর শুধু ভারতেরই সমস্যা নয়। আমাদের গোটা বিশ্বের কাছে তা তুলে ধরতে হবে। পাবলিক ডোমেনে প্রচুর প্রমাণও রয়েছে। ইন্দোনেশিয়ার আগে আমরা জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর গিয়েছি। যাদের সঙ্গেই দেখা হয়েছে, সকলে বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে তারা সঙ্গে রয়েছে।’ একই সঙ্গে বিদেশের মাটিতে অভিষেক তুলে ধরেন, জঙ্গির শেষকৃত্যে পাকিস্তান সেনা কর্তার উপস্থিতির প্রসঙ্গও।
উল্লেখ্য, পাকিস্তানের সন্ত্রাস যোগের মুখোশ খুলতে বিশ্বজুড়ে ঘুরছে ভারতের সাংসদদের প্রতিনিধি দল। সর্বদলীয় সাংসদ প্রতিনিধি দলের একটি দলে আছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ঘুরে অভিষেকেরা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জাকার্তায় মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানান। গান্ধী মেমোরিয়াল ইন্টারকন্টিনেন্টাল স্কুল ঘুরে দেখেন তিনি।
এক্স হ্যান্ডেলে অভিষেক লিখছেন, “জাকার্তায় আজ, গান্ধী মেমোরিয়াল ইন্টারকন্টিনেন্টাল স্কুল পরিদর্শন করার এবং জাতির পিতার মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের সৌভাগ্য হয়েছে আমার। গান্ধী সেবা লোক অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গেও আলোচনা হয়েছে।” তিনি আরও লেখেন, “গান্ধীজির সত্য, অহিংসা এবং সহিষ্ণুতার বার্তা মানবতার পথপ্রদর্শক আলো যা আমাদের মনে করিয়ে দেয় যে শক্তি নয়, নৈতিক সাহসই প্রকৃত নেতৃত্বের পরিচায়ক। ক্রমবর্ধমান বিরোধের ছায়ায় ঢেকে যাওয়া পৃথিবীতে, তাঁর আদর্শ আমাদের কেবল সান্ত্বনাই দেয় না, পথনির্দেশও করে।”

Be the first to comment