রোজদিন ডেস্ক : কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি তাঁদের উদ্যোগে হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দাবি করেন। সিঙ্গুরের জনসমাবেশে তিনি বলেন, দুর্গাপুজো এখানকার সংস্কৃতি। তাঁদের সরকারের উদ্যোগেই ইউনেস্কো দুর্গাপুজোকে সাংস্কৃতিক ঐতিহ্যর (কালচারাল হেরিটেজ) স্বীকৃতি দিয়েছে।
বাংলা ভাষার ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত সমৃদ্ধ এই ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতিও তাঁদের সরকারের আমলেই হয়েছে। এর ফলে বাংলা ভাষা নিয়ে গবেষণায় আরও গতি আসবে।
প্রসঙ্গত তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকেও শ্রদ্ধা জানান।
নাম না করে মুখ্যমন্ত্রীকে বিঁধে বলেন, টিএমসি কেন্দ্রে কংগ্রেস সরকারের শরিক ছিল, কিন্তু এই সব নিয়ে তারা কিছুই করেনি।
দুর্গাপুজোর ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে প্রধানমন্ত্রীর দাবি বিতর্ক উসকে দিল বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
আদতে এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রকে উদ্যোগ নিতে আর্জি জানাচ্ছিলেন কলকাতা, রাজ্য নিয়ে গবেষণা, লেখালেখি ইত্যাদিতে যুক্ত বিশিষ্ট গবেষক তপতী গুহু ঠাকুরতা। বর্তমান সরকারের আমলে তা স্বীকৃতি পায়। মুখ্যমন্ত্রী এই পুরস্কার গ্রহণ করেন। সূত্রের খবর, এবার কেন্দ্র এর কৃতিত্ব দাবি করায় রাজ্য সরকার অখুশি।

Be the first to comment