রোজদিন ডেস্ক : প্রথম চিঠি এসেছিল গত বছরের ২৪ নভেম্বর। সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী আসন্ন বিধান সভা নির্বাচনে অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসাবে রাজ্যের আধিকারিকদের নাম চেয়েছিলেন সরকারের কাছে। কোন উত্তর যায়নি। এরপর ফের একই বিষয়ে পরপর তিনবার চিঠি দেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ২ ডিসেম্বর, ৯ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর, একের পর এক চিঠি, তবু এই রাজ্যের কোন সাড়া শব্দ না মেলায় এবার স্বরাষ্ট্র সচিব সহ ১৫ জন সিনিয়র আইএএস ও ১০ জন আইপিএসের নামের তালিকা ঠিক করেছে নির্বাচন কমিশন। আগামী ৫-৬ ফেব্রুয়ারি এই আধিকারিকদের দিল্লিতে যেতে বলা হয়েছে। কেউ তা না মানলে তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। নির্ভর যোগ্য সূত্রে প্রকাশ, রাজ্যের স্বরাষ্ট্র সচিব জে পি মিনার নাম ও এই তালিকায় আছে।
এই রাজ্য সহ কেরালা, অসম, তামিলনাড়ু, পুদুচেরিতে আর কয়েকমাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটমুখি অন্য রাজ্যগুলির নির্বাচনে এই রাজ্যের আধিকারিক দের পর্যবেক্ষক হিসাবে যাওয়ার কথা।



সূত্রের খবর, রাজ্যের এই ভূমিকায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন। একের পর এক চিঠি দেওয়ার পরও রাজ্যের তরফে কোন উত্তর না মেলায় বিস্মিতও তাঁরা। প্রতিটি চিঠিই মুখ্য সচিবকে দেওয়া হলেও সরকারের সর্বোচ্চ মহলের সবুজ সঙ্কেত না মেলায় উত্তর যায়নি বলে ওয়াকেবহাল মহল মনে করেন। ১৫ জন আইএএসদের তালিকায় রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা, সৌমিত্র মোহন, পি বি সেলিম, অর্চনা, রচনা ভগত প্রমুখদের নাম আছে।
আইপিএসদের তালিকায় হাওড়ার এস পি প্রবীণ ত্রিপাঠি, সুনীল কুমার চৌধুরী, ভরত লাল মিনা সহ দশ জনের নাম আছে।

Be the first to comment