হিংসাত্মক ঘটনা ঘটলেই বন্ধ হবে শুনানি, করা হবে এফআইআর

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআরের শুনানি কেন্দ্রে কোনও হিংসাত্মক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। হিংসা হলেই বাধ্যতামূলকভাবে করতে হবে এফআইআর। প্রয়োজনে বন্ধ থাকবে শুনানি। রাজ্যে এসআইআর ঘিরে বাড়তে থাকা উত্তেজনার আবহে সমস্ত জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিল সিইওর দপ্তর। সুপ্রিম কোর্টের ১৯ জানুয়ারির নির্দেশ উল্লেখ করে শুনানি ও সংশোধনী প্রক্রিয়ায় কোনও আইনশৃঙ্খলাজনিত সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, এসআইআর সংক্রান্ত শুনানি কেন্দ্র বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যদি কোনও আইনশৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর হয়, অথবা এসআইআর প্রক্রিয়ায় যুক্ত আধিকারিক ও কর্মীদের হুমকি কিংবা আক্রমণের ঘটনা ঘটে, তবে অবিলম্বে স্থানীয় থানায় এফআইআর দায়ের করতে হবে। সেই অভিযোগের কপি পাঠাতে হবে এসপি এবং সিইও দপ্তরে। চিঠিতে আরও বলা হয়েছে, যদি কোনও এলাকায় হিংসা বা সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনা চলতে থাকে, তবে সেই এলাকার এসআইআর শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমোদন পেলে তবেই পুনরায় শুনানি শুরু করা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*