মহম্মদ ইউনুসকে তীব্র আক্রমণ শেখ হাসিনার, বাংলাদেশব্যাপী প্রতিবাদের ডাক

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দেশের অন্তর্বতী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে বিশ্বাসঘাতক, সুবিধাবাদী বলে তোপ দাগলেন। এই সরকারকে বিদেশের হাতের পুতুল তকমা দিয়ে তিনি এই সরকারকে উৎখাত করতে বাংলাদেশব্যাপী প্রতিবাদের ডাক দেন। ভারতের গোপন আস্তানা থেকে বার্তায় ইউনুসকে তিনি হত্যাকারী, ফ্যাসিস্ট, অর্থ নয়ছয়কারী, লুটেরা, দুর্নীতিবাজ বলে তীব্র আক্রমণ শানান। বলেন, বাংলাদেশ এখন অতলের কিনারায়। তাঁদের মাতৃভূমিকে সর্বতোভাবে শেষ করছেন এই ক্ষমতা লোভী ইউনুস। বাংলাদেশকে মৃত্যু উপত্যকা, বিশাল কারাগার বলে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর পিতা মুজিবুর রহমান যে দেশকে স্বাধীন করেছিলেন, এখন তা বিদেশি মদতে উগ্র সাম্প্রদায়িক শক্তির ঘাঁটি হয়ে উঠেছে।
শেখ হাসিনার দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার। তাঁকে জোর করে সরানো হয়েছে। গণতন্ত্রও নির্বাসনে গেছে।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনের আগে তাঁর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে ওয়াকেবহাল মহল মনে করেন। এই নির্বাচনে হাসিনার দল আওয়ামী লিগ অংশ নিতে না পারলেও তারাই দেশের সব থেকে পুরানো ও গুরুত্বপূর্ণ বলে দাবি করেন তিনি। দেশের এই সঙ্কটজনক পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামের মন্ত্রে উদ্বুদ্ধ হতে বলেন। যে কোন মূল্যে এই বিদেশিদের ক্রীড়নক সরকারকে প্রতিহত করার আহবান জানান। তীব্র কন্ঠে বলেন, শহিদদের রক্তে লেখা দেশের সংবিধানকে রক্ষা করতে হবে।
তিনি বাংলাদেশের সব প্রগতিশীল, অসাম্প্রদায়িক শক্তিকে ইউনুস সরকারের বিরুদ্ধে এক হয়ে তাঁদের মাতৃভূমিকে রক্ষার আহবান জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*