রোজদিন ডেস্ক, কলকাতা:- সকাল থেকে মেঘলা আকাশ ও চারিদিকে অনবরত বৃষ্টির প্রকোপ। বৃহস্পতিবার দিনভর বৃষ্টির মরসুম থাকবে বলে জানিয়েছে আলিপুর। ঝড়বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি।
বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩২.৫ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বর্তমানে এটি উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যার জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। এছাড়া উত্তরবঙ্গে সপ্তাহভর কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কোনও সতর্কতা না থাকলেও উত্তরের ন’টি জেলাতেই কমবেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে শুক্রবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এর মধ্যে জলপাইগুড়ি এবং কোচবিহারের কোনও কোনও এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

Be the first to comment