রোজদিন ডেস্ক : ভিলেন সেই রবিবার। যে গেঁরোয় পড়ে একাধিক ছুটি মার খেল আগামী বছর। বৃহস্পতিবার অর্থ দফতর আগামী বছরের যে ছুটির তালিকা প্রকাশ করেছে তা দেখে হতাশ রাজ্য সরকারি কর্মীরা। রবিবারের জেরে আগামী বছর কমছে ছুটি। প্রথমেই দুর্গাপুজো। চলতি বছর পুজোয় টানা ১৪ দিনের ছুটি থাকলেও ছাব্বিশে সেই ছুটি কমে হচ্ছে ১২ দিন। ছুটি শুরু হবে চতুর্থীর দিন, ১৫ অক্টোবর, শেষ হবে লক্ষ্মীপুজোর পরদিন ২৬ অক্টোবর। এর মধ্যে ২২, ২৩ ও ২৪ অক্টোবর অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে। কমছে কালীপুজো, ভাইফোঁটার ছুটিও। ছাব্বিশে সরকারি কর্মীরা পাবেন টানা ৫ দিনের ছুটি। তবে কালীপুজো রবিবার, তাই কার্যত মিলবে ৪ দিনের ছুটি। নতুন বছরে বেশ কয়েকটি বড় উৎসব রবিবার পড়েছে। শিবরাত্রি, মহাসপ্তমী, লক্ষ্মীপুজো, ছট্পুজো ও বিরসা মুণ্ডার জন্মদিন। ফলে ওইদিনগুলির ছুটি মার যাবে। পাশাপাশি ইদ, রবীন্দ্রজয়ন্তী, স্বাধীনতা দিবস ও মহালয়া পড়েছে শনিবার। সেদিন বহু সরকারি দফতর এমনিই বন্ধ থাকে ফলে সেগুলিও নষ্ট হবে। তবে বড়দিন শুক্রবার পড়ায় টানা তিনদিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

Be the first to comment