এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল ভারত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পাহেলগাঁও এর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত বিভিন্ন কঠোর পদক্ষেপ নিয়েছে। এবার পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল ভারত। বুধবার রাতে নয়াদিল্লির তরফে এই ঘোষণা করা হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত। বুধবারের ঘোষণা তাতেই নতুন সংযোজন। পাক সংস্থার কোনও বিমান এখন থেকে আর ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

পাহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে ভারত। এর পর পাকিস্তানও কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করে। তার মধ্যে অন্যতম ছিল ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া। বলা হয়েছিল, ভারতের কোনও বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সেই ঘোষণার ছ’দিনের মধ্যে ভারতও অনুরূপ পদক্ষেপ করল পাকিস্তানের বিরুদ্ধে।
পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে কোনও দিন তাদের সামরিক কোনও অভিযান চালাতে পারে বলে মনে করা হচ্ছে। এই আশঙ্কায় ইতিমধ্যে পাকিস্তান একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করেছে। আকাশসীমায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ভারতের বিমান তো সেখানে নিষিদ্ধ আছেই, ভারতের আকাশসীমা দিয়ে কোনও বিদেশি বিমানও যদি পাকিস্তানে প্রবেশ করে, তাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অনুমতি ছাড়া পাক আকাশে কোনও বিমান প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের সব বিমান বুধবার বাতিল করে দেওয়া হয়েছে।
সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে আপাতত পাকিস্তানের বিমানগুলি ভারতের আকাশসীমা এড়িয়েই চলছিল। কিন্তু বুধবার আনুষ্ঠানিক ভাবে ভারত তাতে নিষেধাজ্ঞা আরোপ করল। এখন চাইলেও কোনও পাক বিমান ভারতের আকাশে প্রবেশ করতে পারবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*