রোজদিন ডেস্ক, কলকাতা:- আজই কি পাকিস্তানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত? ইঙ্গিত কিন্তু সেদিকেই। বুধবার সকাল ১১ টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে একপ্রস্থ বৈঠক করেন। অনুমান করা হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে আজই কোনও বড় সিদ্ধান্ত নিতে পারে ভারত।
গতকালও দেশের নিরাপত্তা নিয়ে একপ্রস্থ বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিন সকালেও তিনি নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক করেন। প্রায় ২০ মিনিট ধরে এই বৈঠক হয়। এই বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে বসেন মোদি।
অন্যদিকে, গতকাল বিকেলে ৭, লোককল্যাণ মার্গের বাসভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, (সিডিএস) জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ। ওই বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে নিজের কড়া মনোভাব স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বাসভবনে যখন এই বৈঠক চলছিল, সে সময় স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীর বৈঠকের পরে তাঁর বাসভবনে যান শাহ। সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত ছিলেন। ওই বৈঠক থেকে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন মোদি।

Be the first to comment