রোজদিন ডেস্ক : প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়ায় এক বিলাসবহুল গাড়ির জোর করে রেড রোডে প্রবেশের চেষ্টা নিয়ে আজ চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ সূত্রে প্রকাশ, খিদিরপুরের দিক থেকে একটি বিলাসবহুল গাড়ি দ্রুত রেড রোডের দিকে আসতে থাকে। কোন কিছুর তোয়াক্কা না করে পরপর ট্রাফিক আইন ভেঙে আসা গাড়িটিকে পুলিশ আটকানোর চেষ্টা করলেও তা থামেনি। এরপর গাড়িটি কিছুদূর গিয়ে দাঁড়িয়ে পড়লে পুলিশ দ্রুত তা আটক করে আরোহীদের বার করে নিয়ে যায়। কুচকাওয়াজ চলায় খিদিরপুরের দিকে কিছু ব্যারিকেড থাকায় গাড়িটি সরাসরি রেড রোডে প্রবেশ করতে পারেনি বলে প্রত্যক্ষদর্শীরা মনে করেন।
এই ঘটনা দশ বছর আগের অভিমন্যু গৌড়ের মর্মান্তিক মৃত্যুর স্মৃতি উসকে দিয়েছে। সেবারও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়ায় বেপরোয়া গাড়ি রেড রোডে ঢুকে ভারতীয় বায়ুসেনার তরুণ কর্মী অভিমন্যু গৌড়কে পিষে দিয়েছিল।
আজ এই ঘটনায় কেউ হতাহত না হলেও কেন গাড়িটি অত বেপরোয়া ভাবে আসছিল, পুলিশ তা খতিয়ে দেখছে। এর জন্য চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে।

Be the first to comment