এবার মহারাষ্ট্র! ফের বিজেপি শাসিত রাজ্যে বাঙালী হেনস্থা, ৬ মাস ধরে দুই ভাইকে আটক, মুখ্যমন্ত্রীর কাছে বাড়ি ফেরানোর আর্জি পরিবারের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বলার জন্য বাঙালিকে হেনস্থার অভিযোগের যেন কোনো শেষ নেই। এ বারও ঘটনাস্থল সেই বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনে। দুই যুবকের পরিবারের পক্ষ থেকে একটি ভিডিয়ো বার্তায় এ দিন অভিযোগ করা হয়েছে, বাংলাদেশী অভিযোগে মহারাষ্ট্র পুলিশ তাঁদের পরিবারের দুই সদস্যকে আটক করে রেখেছে। ওই দুই যুবক রানাঘাট রাইনগরের বাসিন্দা। সেখানকার বাসিন্দা নিশিকান্ত বিশ্বাস এবং তাঁর পরিবারের লোকেরা ভিডিওতে জানিয়েছেন, মণিশঙ্কর ও নয়ন বিশ্বাস মহারাষ্ট্রের পুনেতে গিয়েছিলেন কাজে। মাস ছয়েক আগে মহারাষ্ট্রের পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গতকাল বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেছেন, সেই শুক্রবারই নদিয়ার বাসিন্দা মতুয়া সম্প্রদায়ের দুই ভাইকে ছ’মাস ধরে আটক করে রাখার অভিযোগ সামনে এলো।

জানা গেছে, তাঁদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড সবই রয়েছে। গত বিধানসভা ও লোকসভা ভোটে তাঁরা বিজেপিকেই ভোট দিয়েছিলেন বলে ভিডিয়োয় দাবি করেন পরিবারের সদস্যরা।

এ দিন ওই ভিডিয়োটি নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। মোদীর সভার কিছুক্ষণ আগে দু’টি ভিডিও শেয়ার করে তাঁর মন্তব্য, ‘সভায় বাঙালিদের নিয়ে ভালো ভালো কথা বলার আগে মোদীজি দয়া করে এই বাবা-মায়ের দুর্দশার কাহিনি শুনুন। বিজেপি শাসিত রাজ্যে তাঁদের দুই ছেলে পুলিশের হাতে বন্দি।’ ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার ইস্যুতে গত বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় মিছিল করেন। পরিবারের সদস্যরা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে ওই দুই যুবককে বাড়ি ফেরানোর আর্জি জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*