রোজদিন ডেস্ক, কলকাতা:-আর ৩৩ কিলোমিটার ঘুরপথে নয়, মাত্র ২ কিলোমিটার পার হলেই পৌঁছনো যাবে গন্তব্যে। অবশেষে প্রতীক্ষার অবসান!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই উদ্বোধন হতে চলেছে অজয় নদের সেতুর। বীরভূম সফরে এসে ২৯ জুলাই একাধিক প্রকল্পের সঙ্গে এই সেতুর উদ্বোধন করবেন তিনি। জানা গিয়েছে, প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর মোট দৈর্ঘ্য প্রায় ২.৭ কিমি ও প্রস্থ ১১ মিটার । গাড়ি চলাচলের সঙ্গে সঙ্গে পথচারীদের জন্য হেঁটে পেরনোর জন্য রয়েছে ১.৫ মিটারের ফুটপাথও। ব্রিজটির বীরভূম অংশে রয়েছে ৩১৯ মিটার এবং পশ্চিম বর্ধমান অংশে রয়েছে ১৩৬২ মিটার অ্যাপ্রোচ রোড।
প্রসঙ্গত উল্লেখ্য, জয়দেব মন্দির সংলগ্ন অজয় নদের কজওয়ে ব্যবহার করে বীরভূম থেকে পশ্চিম বর্ধমান তথা দুর্গাপুর যাওয়া ছিল অসুবিধার । বিশেষ করে উন্নত চিকিৎসার সুবিধার জন্য প্রতিদিন বীরভূম থেকে দুর্গাপুর যাতায়াত করেন গড়ে ৫০ জনেরও বেশি রোগী। এ ছাড়াও শতাধিকপণ্য ও যাত্রিবাহী গাড়িও পারাপার করে প্রতিদিন। তবে প্রতি বছর বর্ষায় এই কজওয়ে ভেঙে যাওয়ার কারণে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। প্রায় ৩৩ কিমির বেশি পথ অতিক্রম করে যেতে হতো দুর্গাপুর ।

Be the first to comment