রোজদিন ডেস্ক, কলকাতা:-আট দিনে পৃথিবীর পাঁচটি দেশ সফরে আজই রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের কূটনৈতিক এবং বিদেশ নীতির ক্ষেত্রে ব্যাপক ব্যর্থতা প্রকাশ পেয়েছে।’
এই প্রসঙ্গে মহুয়ার প্রশ্ন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করদাতাদের অর্থে এই বিশ্বভ্রমণ কি সত্যিই ভারতকে বিশ্ব মঞ্চে একটি শক্তিশালী অবস্থান এনে দিতে পারবে? তিনি আরোও বলেন, ‘২০২৫ সালের ২২ এপ্রিল পেহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পর ভারতের কূটনৈতিক প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক সমর্থনের অভাব দেশের বিদেশ নীতির দুর্বলতাকে বিশ্বের সামনে নিয়ে এসেছে । এই ঘটনা বিশ্ব মঞ্চে ভারতের প্রভাব প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কৌশল নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।’
মহুয়া এদিন আরোও বলেন, ‘এই বিশাল ব্যয় কি সত্যিই ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় কার্যকর ফল দিয়েছে? পেহেলগাঁও হামলার পর ভারতের একাকী অবস্থান ইঙ্গিত দেয় যে মোদীর এই বিশ্বভ্রমণ ভারতকে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সফল করতে পারেনি।’
মহুয়ার মতে, ‘মোদীর বিদেশ ভ্রমণ ব্যক্তিগত ইমেজ তৈরি এবং জনসংযোগের উপর বেশি কেন্দ্রীভূত। তাঁর সফরগুলি ভারতের “উত্থানের গল্প” তুলে ধরলেও, সংকটের সময়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে।’

Be the first to comment