রোজদিন ডেস্ক : রাজ্যে বিধানসভায় তাঁরা শূন্য! সংসদেও এই রাজ্য থেকে তাঁদের কেউ নেই। সামনেই বিধানসভা নির্বাচনের আগে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বুধবার বৈঠক করলেন টিএমসি-র বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে। যা নিয়ে সিপিএমের অন্দরে চর্চা এখন তুঙ্গে। সূত্রের খবর, আসন্ন বিধান সভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে উভয়ের কথা হয়েছে। দলের একাংশ মনে করেন, গত নির্বাচনে আইএসএফের সঙ্গে সমঝোতা করার খেসারত দিতে হয়েছে, এবার হুমায়ুন কবীরের সঙ্গে হাত মেলালে তা কফিনের শেষ পেরেক হবে না তো?
সেলিম যে হুমায়ুনের সঙ্গে নির্বাচনী সমঝোতার কথা ভাবছেন, সেই ইঙ্গিত আগে হুমায়ুনই দিয়েছিলেন। বুধবার রাতে নিউ টাউনের হোটেলে তাঁদের বৈঠকের খবর চাউর হতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সেলিম অবশ্য জানান, হুমায়ুন বিভিন্নভাবে তাঁকে বার্তা পাঠাচ্ছিলেন, এইদিন সাক্ষাত হল। ওঁর ভাবনা তিনি জেনেছেন, এবার দলকে তা জানাবেন।
অন্যদিকে হুমায়ুন কবীর পরিস্কারই জানান, সেলিমের সঙ্গে নির্বাচনে জোট করে লড়া নিয়ে তাঁর কথা হয়েছে। কংগ্রেসকে তিনি যে খরচের খাতায় রেখেছেন তার ইঙ্গিত মেলে। বলেন, কংগ্রেস নিয়ে তাঁর কোন বক্তব্য নেই। ওঁরা কোন সিদ্ধান্ত নেওয়ার মত অবস্থায় আছে বলে তাঁর মনে হয় না। আর আইএসএফের সঙ্গে কথা বলার বিষয়টি তিনি ওঁদের (সিপিএম!!) ওপরেই ছেড়ে দিয়েছেন। উল্লেখ্য, রাজ্যে টিএমসি, বিজেপির বিরুদ্ধে জোট গড়ার ডাক দিয়েছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীও।
বুধবার সেলিম -হুমায়ুন বৈঠকে তা অনেকটা এগিয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করেন। যদিও সিপিএমের একাংশ এর বিরুদ্ধে।

Be the first to comment