রোজদিন ডেস্ক, কলকাতা:- বামেদের ১০টি শ্রমিক সংগঠনের ডাকা ‘ভারত বনধে’ আজ সকাল থেকে রাস্তায় বামেরা। রাজ্যের বিভিন্ন জায়গায় তাকে ঘিরে গন্ডগোল বাধে। যাদবপুর, বাঘাযতীন, বাঘাযতীনেও সকাল থেকে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। সৃজনের নেতৃত্বে গাঙ্গুলিবাগানে মিছিল বের করে বামেরা।
এ নিয়ে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “পশ্চিমবঙ্গে তৃণমূল বেশি দাপট দেখাতে চাইছে। মারধর, গ্রেফতার, আক্রমণ। যাদবপুরে সৃজন-সহ অনেকে গ্রেফতার হয়েছে। আসানসোলে তৃণমূলের বাহিনী আক্রমণ করেছে। ডোমজুড়েও তাই। ফাজলামো হচ্ছে এগুলো! আসলে দিল্লির কাছে প্রমাম করার চেষ্টা যে, বিজেপি-র চেয়ে আমি অনেক বেশি বিজেপি পন্থী। পশ্চিমবঙ্গের সরকার এটা প্রমাণ করতে চাইছে। আর সরকারের হয়ে খিদমত করতে নেমে পড়েছে পুলিশ। এতে মানুষের বিক্ষোভ বাড়ছে, বাড়বে। এর ফল ভুগতে হবে।”
এসএফআই নেতা সৃজন এই নিয়ে সাংবাদিকদের বলেন, “সন্দীপ ঘোষদের বাঁচায় পুলিশ। আর আমরা ধর্মঘট করলে আটকাতে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তৃণমূলের কাছে মাথা বিক্রি করে দিয়েছে। আর তৃণমূল দলটি মাথা বিক্রি করে দিয়েছে বিজেপি-র কাছে। বিজেপি-র নীতির বিরোধী ডাকা ধর্মঘট, তার উপর পুলিশের আক্রমণ। এরা মনোজিৎদের ধরতে পারে না, সন্দীপ ঘোষদের ধরতে পারে না, শুধু আমাদের উপর আক্রমণ করবে।”

Be the first to comment