রোজদিন ডেস্ক : প্রকাশ্যে অনেক বিরোধিতা করেও অবশেষে কেন্দ্রের নতুন সংশোধিত ওয়াকফ সম্পত্তি আইন মানতে বাধ্য হল রাজ্য প্রশাসন। সেই সঙ্গে রাজ্যের ওয়াকফ সম্পত্তির যাবতীয় তথ্য কেন্দ্রের সেন্ট্রাল পোর্টালে আপলোড করতে নির্দেশ জারি করল পশ্চিমবঙ্গ সরকার। এ নিয়ে অবশ্য আর কোনও বিকল্পও ছিল না রাজ্যের হাতে।কেন্দ্রের এই আইন মানতেই হত। সূত্রের খবর, এ বিষয়ে সব জেলাশাসকদের বৃহস্পতিবার সন্ধেয় চিঠি পাঠিয়েছেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব ড. পি বি সালিম। নবান্নের নির্দেশ, ৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে উমিদ পোর্টালে জেলাওয়াড়ি ওয়াকফ সম্পত্তির খতিয়ান আপলোড করে ফেলতে হবে। কেন্দ্রের মোদি সরকার ওয়াকফ সংশোধন বিল পাশ করানোর পর বাংলায় তীব্র প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল। সংখ্যালঘু জনতার সেই প্রতিবাদের মুখে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন, তিনি পশ্চিমবঙ্গে নতুন সংশোধীত ওয়াকফ আইন কার্যকর করতে দেবেন না। সারা দেশে।সংশোধীত ওয়াকফ আইন গত ৮ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হয়েছে। আইনের থ্রিবি ধারায় বলা আছে, দেশের সব নিবন্ধিত ওয়াকফ সম্পত্তির তথ্য ৬ মাসের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর জেলাশাসকদের যে চিঠি পাঠিয়েছে, সেই অনুযায়ী বাংলায় ৮২ হাজারের বেশি ওয়াক্ফ সম্পত্তি রয়েছে। এগুলি ৮ হাজারেরও বেশি ওয়াক্ফ এস্টেটের অধীনে রয়েছে।

Be the first to comment