রোজদিন ডেস্ক: আর মাত্র ঘন্টাখানেক সময়। ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। রাজ্যের ছবিটাও আলাদা নয়। বাড়ি থেকে পাড়া, ক্লাব থেকে হল, খেলা দেখার এলাহি আয়োজন। ভারতীয় সময় সাড়ে বারোটায় শুরু ম্যাচ। মেসি, ইয়ামালদের সঙ্গে মেতে রাত জাগবে বাংলাও। সমস্যা একটাই, খেলা শেষ হতে হতে মধ্য রাত। আর একস্ট্রা টাইম, টাইব্রেকার হলে তো প্রায় রাত কাবার। কিন্তু কাল সোমবার। সপ্তাহের প্রথম কাজের দিন। বহু পড়ুয়াদের আবার মর্নিং স্কুল। সেকথা মাথায় রেখেই অভিনব সিদ্ধান্ত নিল রাজ্যের শিক্ষা দফতর। রবিবার সন্ধ্যায় বিকাশ ভবনের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার মর্নিং স্কুলগুলিতে ছুটি ঘোষণার অনুমতি দেওয়া হয়েছে। এদিন বিকাশ ভবনের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ভারতীয় সময় অনুযায়ী সোমবার (২০ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটে স্পেন ও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ শুরু হবে। সেই কারণে সোমবার মর্নিং স্কুলগুলি প্রয়োজনে পড়ুয়াদের উপস্থিতির নিয়ম শিথিল করতে পারে। চাইলে ছুটি ঘোষণাও করতে পারে। বিকাশ ভবনের তরফে জেলা বিদ্যালয় পরিদর্শকদের এই নির্দেশ দ্রুত মর্নিং স্কুলগুলিতে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। এই নির্দেশিকায় ফুটবলপাগল পড়ুয়ারা মহা খুশি।

Be the first to comment