খালেদা জিয়ার অন্ত্যেষ্টিতে ঢাকায় জনসমুদ্র, তারেক-কে শোকবার্তা জয়শঙ্করের

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অন্ত্যেষ্টি আজ দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়। এই উপলক্ষে ঢাকা কার্যত জনসমুদ্রের চেহারা নেয়। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর প্রয়াত নেত্রীর পুত্র তারেক রহমানের সঙ্গে দেখা করে শোকবার্তা জানান।
অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস-সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অন্ত্যেষ্টি অনুষ্ঠানে অংশ নেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে তাঁর প্রয়াত স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে সমাধিস্থ করা হয়। লক্ষ লক্ষ মানুষ চোখের জলে তাঁকে শেষ বিদায় জানান।
প্রয়াত খালেদা জিয়ার অন্ত্যেষ্টিতে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় সংসদের অধ্যক্ষ সর্দার আয়াজ সাবিক, ভুটানের বিদেশ মন্ত্রী ডি এন ধুঙ্গেল সহ নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ইত্যাদি দেশের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। আমেরিকা, ইংল্যান্ড, চিন ইত্যাদি দেশের ঢাকাস্থিত বিভিন্ন মিশনের প্রতিনিধিরাও এই শেষ যাত্রায় অংশ নেন।
আজ সকালে প্রয়াত নেত্রীর মরদেহ প্রথমে গুলশানে তাঁর বাড়িতে যায়। পরে জাতীয় পতাকা শোভিত তাঁর শববাহী যান সংসদ ভবনে পৌঁছোয়। এরপর মানিক মিঁয়া এভেনিউ-এ জিয়া উদ্যানে প্রয়াত স্বামীর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাধিস্থ করা হয়। ১৯৮১ সালের ২ জুন প্রয়াত জিয়াউর রহমানকে এখানে সমাধিস্থ করা হয়েছিল।
নববই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে “আপসহীন নেত্রী” অভিধা পেয়েছিলেন তিনি। আজ তাঁর দল বিএনপি ছাড়া বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাঁর শেষ যাত্রায় অংশ নিয়ে শ্রদ্ধা জানান। ব্যতিক্রম আওয়ামী লিগ, সূত্রের খবর তাঁরা এখানে যোগ দেওয়ার অনুমতি পাননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*