রোজদিন ডেস্ক : আজ ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিবস। তার আগেই সোনারপুরের কোদালিয়া গ্রামে তাঁর পৈতৃক ভিটেয় পালিত হল জন্মদিনের অনুষ্ঠান। বৃহস্পতিবার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে নেতাজির পৈতৃক বাড়ি। ইতিমধ্যেই নেতাজির ব্যবহৃত ঘর, তাঁর আসবাবপত্র ও বাড়িটি ঘুরে দেখতে দূর দুরান্ত থেকে হাজির হয়েছেন বহু মানুষ। ইতিহাস বলে, ১৭০০ শতাব্দীতে নেতাজির পুর্ব পুরুষ রমানাথ বোস কোদালিয়ার এই বাড়িতে বসবাস শুরু করেন। সুভাসচন্দ্র বোসের জন্ম ওড়িশার কটকে হলেও এই পৈতৃক বাড়ির সঙ্গে তার ছিল নিবিড় যোগাযোগ। মাঝেমধ্যেই তিনি এই বাড়িতে সময় কাটাতে আসতেন। বিশেষ করে দুর্গাপুজোর অষ্টমীতে দেশে থাকলে এখানে আসতেন তিনি। এই বাড়ি থেকেই নিয়মিত যোগাযোগ ও বৈঠক করতেন স্থানীয় বিপ্লবীদের সঙ্গে। নেতাজি কৃষ্টি কেন্দ্রের তরফে প্রতিবছরই কোদালিয়ায় নেতাজি জন্মজয়ন্তীর আয়োজন করা হয়। চিত্র প্রদর্শনী থেকে বসে আঁকো প্রতিযোগিতা-সহ নানা অনুষ্ঠান চলে সারাদিন ধরে। প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে আসেন বহু মানুষ।

Be the first to comment