রোজদিন ডেস্ক : গত সপ্তাহে এক অন্তসত্ত্বা আদিবাসী মহিলা কে মারধরের প্রতিবাদে মিছিল নিয়ে বৃহস্পতিবার শিলিগুড়িতে ধুন্ধুমার বাধে। বিজেপি প্রভাবিত জনজাতি সুরক্ষা মঞ্চর উত্তরকন্যা অভিযান ঘিরে রীতিমত তেতে ওঠে উত্তরবঙ্গের এই শহর। প্রতিবাদীদের অভিযোগ, সন্তানসম্ভবা ওই মহিলাকে মারধরের পর তিনি মৃত সন্তানের জন্ম দেন। যা নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি, দুর্গা মুর্মু প্রমুখের নেতৃত্বে জলপাই মোড় থেকে মিছিল শুরু হয়ে এগোলে তিন বাত্তি মোড়ে পুলিশ তাঁদের আটকে দেয়। বিক্ষুব্ধ আদিবাসীরা জোর করে এগোনোর চেষ্টা করলে তীব্র উত্তেজনা দেখা দেয়। পুলিশ প্রথমে জল কামান, পরে কাঁদানে গ্যাস ছুঁড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার প্রয়াস নেয়। উভয় পক্ষের গোলমালে এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এলাকা থমথমে।

Be the first to comment