মিষ্টি নিয়ে বিধানসভা ভবনে হুমায়ুন কবীর, উষ্ণ আলিঙ্গন মুখ্যমন্ত্রীকে 

Spread the love

রোজদিন ডেস্ক :

নির্বাচনে নির্ণায়ক হওয়ার আশা পূরণ হয়নি তাঁর। নতুন দল গড়ে নিজেই জয়ী হয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। নতুন বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ৫০০টি ছানা বড়া, ১৫০টি মনোহরা নিয়ে তিনি সহাস্যে প্রবেশ করলেন বিধানসভা ভবনে। উষ্ণ আলিঙ্গন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে। একদা দুজনই ছিলেন তৃণমূলের বিধায়ক, মন্ত্রীও। আজ দুজন দুই দলের হলেও সৌহার্দ্যের বন্ধন অটুটই আছে।

নতুন সরকার ভাল ভাবে চলুক বলে জানান হুমায়ুন কবীর। মুখ্যমন্ত্রী র প্রশংসা করে বলেন, উনি ভাল মানুষ। সরকার ও ভাল চলবে।

মুর্শিদাবাদের তিন টিএমসি বিধায়কও আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

মুর্শিদাবাদের বিখ্যাত ছানা বড়া, মনোহরা নিয়ে এসেছেন হুমায়ুন কবীর। সরকার, বিরোধী সব পক্ষকেই মিষ্টি মুখ করাতে চান। তবে মনোহরার সংখ্যা কম হয়ে গেছে। সহাস্যে বলেন, আগেই সব বিক্রি হয়ে যাওয়ায় ১৫০টা আনতে পেরেছেন।বলেন, মনের আরাম, মনের শান্তি হোল মনোহরা।

সদ্য সমাপ্ত বিধান সভা নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাকালে সব পক্ষই একে অপরকে শাণিত আক্রমণ শানিয়েছেন,কেউ জয়ী, কেউ পরাজিত হয়েছেন।

আজ বিধানসভায় তার রেশ ছিল না৷ প্রায় সকলকেই হাসি মুখে একে অপরের সঙ্গে কথা বলতে, সৌজন্য বিনিময় করতে দেখা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*