রোজদিন ডেস্ক :
রাজ্যে প্রথম বিজেপি সরকারের পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সিপিএম নেতা সুজন চক্রবর্তী পৃথকভাবে এই দিন পালনের ঐতিহাসিক সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই দিন পালনের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস আজ ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। গতকালই তারা একটি পুস্তিকাও প্রকাশ করেছে।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এই রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত রাখা নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির আলাদা ভাবে কোন গুরুত্বপূর্ণ অবদান নেই৷ তৎকালীন আইনসভায় যে সদস্যরা এর পক্ষে ছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি তাঁদের অন্যতম ছিলেন মাত্র। স্বাধীনতার পরে কোচবিহার, পুরুলিয়াও এই রাজ্যের সঙ্গে যুক্ত হয়েছে। বিজেপির দাবিকে তিনি ভিত্তিহীন, অযৌক্তিক বলে মন্তব্য করেন৷
সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার জানান, তাঁরা দেশভাগের প্রকৃত ইতিহাস তুলে ধরবেন। তাঁরা আগামীকাল ২১ জুন থেকে ২৪ জুন অবধি কলকাতার ৪০টি জায়গায় মানুষের দরবারে মানুষের ইতিহাস শীর্ষক কর্মসূচি পালন করবেন।
তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও আজকের দিন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনের জন্য বিজেপির সমালোচনা করেন।
বিরোধীদের বিরোধিতা, বিতর্কের মাঝেই আজ তারকেশ্বরে মহা সমারোহে দিনটি পালিত হতে চলেছে।

Be the first to comment