রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে আজ সকালে কলকাতার রেড রোডে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়।
কর্মব্যস্ত জীবনে তীব্র মানসিক চাপের মধ্যে সুস্থ থাকার একমাত্র চাবিকাঠিই হল যোগাভ্যাস বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, যোগাভ্যাস শুধু কোন শারীরিক কসরত বা ব্যায়াম নয়, জীবনকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গিও। এটি মন ও শরীরের মধ্যে একাত্মতা গড়ে তোলে। ঋষি অরবিন্দের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে বলেন, মানুষের জীবন পুরোটাই যোগ। তা বুঝতে না পারলেও এটাই সত্যি। যোগ মানুষের জীবনের চেতনার প্রকাশ।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আজ যোগ দিবস পালন উপলক্ষে রেড রোডে মানুষের ঢল নামে৷ আম জনতার উচ্ছাস, উদ্দীপনা, উৎসাহ ছিল চোখে পড়ার মত। শান্ত সকালে হাজারো মানুষের উপস্থিতিতে তা এক অন্য মাত্রা নেয়।
যোগ দিবসে যোগ দেওয়ার জন্য ভোরের আলো ফোটার আগেই বহু মানুষ বাড়ি থেকে বেরিয়ে পড়েন। অনেকে সপরিবারে এই অভিনব অনুষ্ঠানে যোগ দেন। মেট্রো রেল আজ ভোর থেকে চলে।

রাজ্যে প্রথম ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এই বিজয়ে খুশি প্রধানমন্ত্রী এবার যোগ দিবস এখানে উদযাপনের সিদ্ধান্ত নেওয়ায় খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাঁর দল, রাজ্যবাসীও।
রবিবার ছুটির দিনে আজ ভোর থেকেই মানুষের আগমনে কলকাতা ছিল সরগরম। আমজনতার উৎসাহ, উদ্দীপনায় দৃশ্যত খুশি প্রধানমন্ত্রী আরও বলেন, এই দিনে বাংলার পবিত্র পুণ্যভূমিতে থাকা তাঁর কাছে এক বিশেষ ব্যাপার। এখানে রামকৃষ্ণর মত মহাপুরুষ আবির্ভূত হয়েছিলেন। স্বামী বিবেকানন্দ সারা বিশ্বের কাছে যোগ-কে পরিচিত করেছিলেন। এখানেই মহান যোগীরা যোগ পরম্পরাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছিলেন। কিভাবে এই দেশের প্রাচীন ঐতিহ্য গোটা বিশ্বে সমাদৃত হয়েছে তা বলেন৷ প্রধানমন্ত্রী আরও বলেন, যোগ বেশি সময়ে সুস্থ থাকার শিক্ষা দেয়।
এই দিন উপলক্ষে সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনা ছিল। কাশ্মীর থেকে কন্যাকুমারী, আপামর জনতা এতে সামিল হন।

Be the first to comment