প্রতিবেদন: পূর্বতন সরকারের আমলে অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘভাতা। বকেয়া আদায়ে ধরনা, আন্দোলন থেকে শুরু করে মামলা পৌঁছেছিল সুপ্রিম কোর্টে। কিন্তু অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার কর্মচারিদের প্রাপ্য ডিএ দেওয়া নিয়ে টালবাহানা করে। মামলা, পালটা মামলায় কোটি কোটি টাকা খরচ করা হলেও মেটেনি বকেয়া ডিএ। দায়িত্বে এসেই সেই কাজে তৎপর হয়েছিল বিজেপি সরকার। তার প্রমাণ তাদের প্রথম বাজেটেই বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। জানিয়ে দিলেন এবার থেকে ৩৮ শতাংশ হার ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। যার অর্থ একলাফে ২০ শতাংশ ডিএ বৃদ্ধি করতে চলেছে রাজ্য। আগামী ১ অক্টোবর থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে জানান অর্থমন্ত্রী। এত দিন রাজ্য সরকারি কর্মচারিরা ১৮ শতাংশ হারে ডিএ পেতেন। নতুন ঘোষণা কার্যকর হলে বর্ধিত হারে সব মিলিয়ে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন তারা। এই ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ-র ফারাক কমে দাঁড়াল ২২ শতাংশ।

Be the first to comment