রোজদিন ডেস্ক : গাড়ি চুরির অভিযোগ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিহারের অরঙ্গবাদ থেকে চুরি যাওয়া টাটা সুমো উদ্ধার করল কোক ওভেন থানার পুলিশ। এই ঘটনায় উত্তর ২৪ পরগনার বাসিন্দা মনোজ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দ্রুত তৎপরতায় স্বস্তি ফিরেছে গাড়ির মালিকের পরিবারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ নভেম্বর কোক ওভেন থানার অন্তর্গত রাতুরিয়া হাউসিং কলোনির বাসিন্দা রমেশ কুমার সিং গাড়ি চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, তার আগের দিন দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কল্পনা পেট্রোল পাম্পের সামনে নিজের টাটা সুমো গাড়িটি পার্ক করে খাবার খেতে বাড়িতে গিয়েছিলেন তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, নির্দিষ্ট জায়গায় গাড়িটি আর নেই। আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও গাড়ির সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত কোক ওভেন থানার পুলিশের দ্বারস্থ হন তিনি।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। কোক ওভেন থানার আধিকারিক অঞ্জন মণ্ডল দ্রুত এএসআই সঞ্জয় কুমার ঘোষের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল গঠন করেন। তদন্তে নেমে গোপন সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে পুলিশের। সেই সূত্র ধরেই বিহারের অরঙ্গবাদে অভিযান চালানো হয়। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া টাটা সুমো গাড়িটি উদ্ধার করার পাশাপাশি মনোজ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

Be the first to comment