রোজদিন ডেস্ক : আশা কর্মীদের ন্যুনতম বেতন পনের হাজার টাকা এমন কি দাবি বলে বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রশ্ন তোলেন। এই আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদের শ্রদ্ধা, সম্মান জানিয়ে তিনি বলেন, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ওঁরা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ বিশেষ। তাঁদের দাবি মানা তো দূর অস্ত, যেভাবে পুরুষ পুলিশ দিয়ে ওঁদের মারা হয়েছে, তিনি তার তীব্র নিন্দা করেন। বলেন, ওঁদের ওপর অত্যাচার একটি অপরাধ। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, শুধু লক্ষ্মীর ভান্ডার দিলেই সব মহিলারা তাঁর পক্ষে থাকবেন, উনি যেন তা না ভাবেন। শাসক দলের নেতাদের বৈভবের উল্লেখ করে অধীর চৌধুরী বলেন, ওঁদের কাছে যা পনের কোটি, গরিব আশা কর্মীদের কাছে পনের হাজারও তাই, এই দাবি সরকার মানতেই পারতেন বলে তিনি মন্তব্য করেন।
আশা কর্মীদের ন্যুনতম বেতন-সহ বিভিন্ন দাবি ন্যায্য মন্তব্য করে তাঁদের পাশে দাঁড়িয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, এআইইউটিইউসি রাজ্য সম্পাদক অশোক দাস। তাঁরা পৃথক ভাবে গতকাল আশা কর্মীদের ওপর পুলিশের দমন পীড়নের তীব্র নিন্দা করেন।
সুজন চক্রবর্তী বলেন,মহিলাদের ওপর রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রকৃত দৃষ্টিভঙ্গি কি তা বোঝা গেল!! অন্য রাজ্যে আশা কর্মীরা যা সুবিধা পান, এখানে তা পান না কেন তিনি প্রশ্ন তোলেন।
এআইইউটিইউসি নেতা অশোক দাস আশা কর্মীদের দাবি মেনে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করার জন্য সরকারকে আর্জি জানান।
আজ আশা কর্মীরা রাজ্যের বিভিন্ন এলাকায় ধিক্কার দিবস পালন করেন। বিরোধীরা একে সমর্থন জানান।
উল্লেখ্য, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও এর আগে আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির জন্য কেন্দ্রকে আর্জি জানিয়েছেন।

Be the first to comment