রোজদিন ডেস্ক : রাজ্যের এসআইআরে ফোর্ট উইলিয়ামের এক আধিকারিক বিজেপির হয়ে কাজ করছেন বলে কয়েকদিন আগে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বিষয়ে ক্ষুব্ধ সেনা রাজভবনে রাজ্যপালকে তাঁদের অসন্তোষ জানিয়ে এসেছেন।
সূত্রের খবর, গত সপ্তাহে ফোর্ট উইলিয়ামের দুই পদস্থ আধিকারিক রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন। তাঁরা এসআইআরে ফোর্ট উইলিয়ামের আধিকারিক সম্পর্কে মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে উদ্বেগ ব্যক্ত করে লিখিতভাবে তাঁদের বক্তব্য জানিয়ে যান।
তাঁরা ঠিক কি লিখেছেন তা জানা যায়নি। তবে রাজ্যপাল বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। কেন্দ্রে তা যথাযথ জায়গায় পাঠানো হয়েছে।
সূত্রের খবর, সেনা আধিকারিকরা মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপের অনুরোধ করেন।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন তাঁর কাছে খবর আছে বিজেপির হয়ে ফোর্ট উইলিয়ামের এক আধিকারিক রাজ্যে এসআইআরের কাজ করছেন।
সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে কথাও বলেন।
এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী যা খুশি তাই বলেন, উনি নিজেকে রাজ্যের রাষ্ট্রপতি মনে করেন! মুখ্যমন্ত্রীর সেনা আধিকারিককে নিয়ে অভিযোগ ভিত্তিহীন জানিয়ে শমীক ভট্টাচার্য বলেন, এই রাজ্য যে ভারতের একটি অঙ্গ রাজ্য, উনি তা মনে রাখেন না।
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও পৃথকভাবে মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখার কথা বলেন। জানান, বিষয়টি মুখ্যমন্ত্রী তবে দেখুন। তাঁরা এই অভিযোগের নেপথ্যে প্রকৃত সত্য জানতে চান। মুখ্যমন্ত্রী এই নিয়ে প্রতিরক্ষা মন্ত্রক কে অভিযোগ জানান বলে মন্তব্য করেন। অন্যদিকে রাজ্যে এসআইআর নিয়ে উত্তেজনা এখনও অব্যাহত। প্রতিদিনই গোলমাল চলছে।
ছবি : ফাইল চিত্র

Be the first to comment