সরকারের আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরের দর্শনে পৌঁছলেন সস্ত্রীক দিলীপ ঘোষ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দিঘার জগন্নাথ মন্দিরের দর্শনে পৌঁছলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজ্য সরকারের আমন্ত্রণে তাঁর এই যাত্রা বলে জানা গেছে। তবে প্রশ্ন হচ্ছে, জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন যেখানে তাঁরই সহকর্মী শুভেন্দু অধিকারী কাঁথিতে সনাতনী সমাবেশের ডাক দিয়েছিলেন, তা উপেক্ষা করে কাঁথি পেরিয়ে দিঘায় গেলেন দিলীপ! এহেন কাণ্ড দেখে হতবাক রাজ্যবাসী।
এদিন দিঘায় পৌঁছনোর পর দিলীপ ঘোষকে গলায় উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অরূপ বিশ্বাস। এরপর সংবাদ মাধ্যমের সামনে দিলীপ বলেন, ‘অক্ষয়তৃতীয়ার দিন একটা শুভ দিন। এই দিনে আমরা পূজার্চনা, ধর্মীয় কর্মসূচিতে অংশ নিয়েই থাকি। এ রকম একটা দিনে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে। সেখানে আমাকে আমন্ত্রণও জানানো হয়েছে। কেন যাব না? অক্ষয়তৃতীয়ার দিনে হিন্দু জাগরণের অনেক কর্মসূচি থাকে। মন্দির প্রতিষ্ঠাও তো হিন্দু জাগরণেরই কাজ। ভগবান আমাদের সঙ্গে দেখা করার জন্য সাড়ে তিনশো কিলোমিটার চলে এসেছেন। আমি তাঁর সঙ্গে দেখা করার জন্য দুশো কিলোমিটার যেতে পারব না!’
এরপর কাঁথিতে না যাওয়ার প্রসঙ্গে দিলীপ আরও বলেন, ‘আমাকে তো সেখানে কেউ আমন্ত্রণ জানাননি। দিঘায় আমন্ত্রণ জানানো হয়েছে। শ্যামপুরেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই গিয়েছি। অক্ষয় তৃতীয়ায় এরকম অজস্র অনুষ্ঠান হচ্ছে। সব জায়গায় যাচ্ছি নাকি? যেখানে যেখানে আমন্ত্রণ পেয়েছি, সেখানেই যাচ্ছি।’
অন্যদিকে, দিলীপের প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কে কী করলেন, কে কী বললেন, তা নিয়ে আমি কিছু বলব না। আমি একজনেরই মন্তব্যের বা কার্যকলাপের বা মিথ্যাচারের জবাব দিই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*