যোগী রাজ্যে ফের লভ জেহাদ, ভিন ধর্মের যুগলের প্রেম রুখতে তাঁদের কুপিয়ে খুন করে দেহ জমিতে পুঁতল যুবতীর দাদারা

Spread the love

রোজদিন ডেস্ক : এবার অনার কিলিং যোগীরাজ্যে। লভ জেহাদের শিকার হলেন যুবক-যুবতী। অভিযোগ, খুন করে তাঁদের দেহ বাড়ির কিছু দূরে জমিতে পুঁতে দেওয়া হয়। গোটা ঘটনায় অভিযোগের তির যুবতীর তিন দাদার দিকে। মৃত যুবকের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ যুবতীর তিন দাদাকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত যুবকের নাম আরমান (২৭) এবং যুবতীর নাম কাজল (২২)। উত্তরপ্রদেশের মোরাদাবাদের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। জানা গিয়েছে, সৌদি আরবে কর্মরত স্থানীয় যুবক আরমান ছুটিতে বাড়িতে এসেছিলেন। তখনই তাঁর সঙ্গে সম্পর্কে জড়ান এলাকারই যুবতী কাজল। কিন্তু জানাজানি হয়ে যায় তাঁদের সম্পর্ক। ইসলাম ধর্মালম্বী ছেলের সঙ্গে ভালোবাসার এই সম্পর্ক মানতে পারেনি হিন্দু কাজলের পরিবার। বারবার তাঁকে এর থেকে বেরিয়ে আসতে বলেন কাজলের দাদারা। কিন্তু পরস্পরের হাত ছাড়তে চায়নি যুগল। আর তার জেরেই খুন করা হল যুগলকে। বোন ও তাঁর প্রেমিককে খুন করে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে যুবতীর তিন দাদার বিরুদ্ধে। এদিকে ছেলের খোঁজ না পেয়ে থানায় অভিযোগ করেন আরমানের বাবা হানিফ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নিখোঁজ কাজলও। কাজলের পরিবারকে জেরা করতেই অপরাধ স্বীকার করে কাজলের দাদারা। এরপরই কাজলের তিন দাদাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে যুগলের দেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, জানতে পেরেছি যে মহিলার দাদারা যুগলকে খুন করেছে। অভিযুক্তরা খুনের কথা স্বীকারও করেছে। মৃতদেহগুলি উদ্ধার করেছি। খুনে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। তিন যুবকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*