অবশেষে কি তাহলে গলতে চলেছে অভিমানের বরফ?- দিলীপের মান ভাঙাতে তৎপর শমীক, আজ সল্টলেক বিজেপি দফতরে দিলীপ ঘোষ!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অবশেষে কি তাহলে গলতে চলেছে অভিমানের বরফ? সূত্রের খবর আজ বিকাল ৪টেয় মুখোমুখি হতে চলেছে দিলীপ ঘোষ ও বিজেপির নব্য রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জানা গেছে দীর্ঘদিন পর সল্টলেকে বিজেপি দফতরে পা দেবেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ।

প্রসঙ্গত দুদিন আগেই অভিমানী দিলীপ ঘোষ বলেছিলেন, ‘আমি ডাকলে যাই, না ডাকলে যাই না!’ শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতি হওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছিলেন, ‘পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই। না ডাকলে যাই না।’ দিলীপের এই কথার সুরে যেন ধরা পড়েছিল প্রচ্ছন্ন অভিমান-ই।

জল্পনা চলছিল তিনি কি তাহলে তৃণমূলে যাবেন? এই নিয়েও দুদিন আগে দিলীপ ঘোষের মন্তব্য, ‘২১ জুলাইয়ের পর আর কোনও প্রশ্ন থাকবে না, সব প্রশ্নের সমাধান হয়ে যাবে! কোনও না কোনও মঞ্চে তো আমাকে দেখা যাবেই। আসুক না ২১ তারিখ। রাজনীতিতে জল্পনা চলে। দেখা যাক না, কী হয়। মানুষ কী চাইছে, সেটাই আসল।’

সূত্রের খবর সেই সব কিছু নিষ্পত্তি করতেই আজ দেখা হবে শমীক – দিলীপের। রাজ্য সভাপতি হবার পর থেকেই শমীক ভট্টাচার্য চাইছেন পুরানো আর নতুনের সাথে সম্পর্ক ঠিকঠাক করতে। সেই আবহেই আজকের এই দেখা হয়তো পার্টির সাথে আবারও মজবুত করবে দিলীপ ঘোষের সম্পর্ককে, এমনটাই মনে করছে বিশিষ্ট মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*