অমান্য করেছে শর্ত, শহরের ২৩টি রুফটপ রেস্তোরাঁকে নোটিস পাঠাচ্ছে কেএমসি

Spread the love

রোজদিন ডেস্ক : একাধিক রেস্তারাঁ মানছে না শর্ত। সময় গড়াতেই ফের অনিয়ম। এবার শর্ত না মানায় কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা। মোট ২৩টি রুফটপ রেস্তোরাঁকে এবার নোটিস ধরাতে চলেছে পুর প্রশাসন। অগ্নিসুরক্ষা বিধির শর্ত ছিল রেস্তোরাঁর উপরে কোনও রকম আচ্ছাদন দেওয়া যাবে না এবং ছাদের বেশির ভাগ অংশই খোলা রাখতে হবে। কিন্তু কলকাতা পুরসভা, পুলিশ ও দমকল অফিসাররা জানিয়েছেন, কলকাতার ৮৩টি রুফটপ রেস্তোরাঁর মধ্যে ২৭টি রুফটপ রেস্তোরাঁ ওই শর্ত মানছে না। দেখা গিয়েছে, কয়েকটি রেস্তোরাঁ ছাদে আগুন জ্বালাচ্ছে, ছাদে গ্যাস সিলিন্ডার রাখছে। পুরসভা সূত্রে খবর ওই সব রেস্তোরাঁকে চিহ্নিত করে নোটিশ পাঠানো হবে। অগ্নিসুরক্ষা বিধি না মানলে রেস্তোরাঁগুলো ফের বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে অগ্নিসুরক্ষা কমিটি। প্রসঙ্গত, ২০২৫ সালের ২৯ এপ্রিল বড়বাজারের মেছুয়ার ফলপট্টিতে একটি হোটেলে আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়। দমবন্ধ হয়ে তাঁরা মারা যান। এই ঘটনার পরেই কলকাতা পুরসভা শহরের ৮৩ টি রুফটপ রেস্তোরাঁ বন্ধ করে দেয়। ১৫ সেপ্টেম্বর ওই রুফটপ রেস্তোরাঁগুলো খোলার প্রক্রিয়া আবার শুরু হয় তবে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। রুফটপ রেস্তোরাঁর মালিকরা শর্তগুলো মেনে চলবেন বলে হলফনামা দিয়ে জানান। তারপরেই রেস্তোরাঁগুলি খোলার অনুমতি দেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*