প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন ৪৯তম বইমেলার, তৈরি হবে বইতীর্থ, ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে প্রদীপ জ্বালিয়ে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে গেল মেলা। চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছর মেলার থিম কান্ট্রি আর্জেন্টিনা। মেলায় থাকছে প্রায় এগারোশো বুক স্টল। উদ্বোধনী ভাষণে আগামী বছর ৫০তম বইমেলাকে স্মরণীয় করে রাখার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন মেলাপ্রাঙ্গণেই স্থায়ী কাঠামো গড়ে উঠবে, নাম হবে বইতীর্থ। রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের জন্য দশ কোটি টাকা দেওয়ারও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, ৫০তম বইমেলার আগেই বইতীর্থের কাজ শেষ করা হবে। বইমেলার পরিকাঠামো উন্নয়ন এবং সারাবছর সাহিত্যচর্চার কেন্দ্র হিসেবেই এই বইতীর্থ কাজ করবে।

গত বছর বইমেলায় প্রায় সাতাশ লক্ষ পাঠকের ভিড় হয়েছিল। এবার সেই সংখ্যাও ছাড়াতে পারে বলে আশাবাদী পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। মেট্রো যোগাযোগ আরও সহজ হওয়ায়, বিশেষ করে হাওড়া ও শিয়ালদহ সরাসরি যুক্ত হওয়ায়, শহর ও জেলার নানা প্রান্ত থেকে পাঠকদের আসা সহজ হবে বলে মনে করা হচ্ছে। ভিড় সামলাতে ও নিরাপত্তায় বাড়তি নজর রেখেছে বিধাননগর কমিশনারেট। ছ’টি স্পেশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা মেলাপ্রাঙ্গণ থাকছে সিসি ক্যামেরার আওতায়। সাদা পোশাকের পুলিশ, অ্যান্টি ক্রাইম ইউনিট, নাইট গার্ড, উইনার্স টিম এবং ই-স্কুটার পেট্রোলিং ইউনিটও থাকছে। মোট এক হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন রয়েছে।

ছোট-বড় মিলিয়ে এ বছর হাজারের বেশি স্টল নিয়ে মেলায় অংশ নিয়েছে ২১টি দেশ। গিল্ডের তরফে জানানো হয়েছে, প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায় ও গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের নামে দুটি তোরণ তৈরি হয়েছে। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন উৎসর্গ করা হয়েছে কবি রাহুল পুরকায়স্থের নামে। উদ্বোধনী মঞ্চে বিশেষ সম্মান জানানো হয় সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*