রোজদিন ডেস্ক : কাল ২৫ জানুয়ারি। জাতীয় ভোটার দিবস৷ বাংলায় চক্রান্তের এসআইআর করতে গিয়ে এখনও পর্যন্ত ১২৬ জনের মৃত্যু হয়েছে৷ এর বাইরেও অনেকেই যন্ত্রণাক্লিষ্ট অবস্থায় দিন কাটাচ্ছেন৷ এই আবহে আগামিকাল দলের তরফে বাংলার প্রতিটি ব্লকে, টাউনে প্রতিবাদ মিছিল হবে। শনিবার ভার্চুয়াল বৈঠক থেকে এমনই নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, এত মানুষের মৃত্যু হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাব৷ কাল বেলা ৩ থেকে ৪টের মধ্যে মিছিল, মিটিং করবেন৷ সেই সঙ্গে একটি করে শহিদ-বেদিও তৈরি করবেন৷ সেখানে শ্রদ্ধা জানাবেন৷ দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও এই নির্দেশ পালন করার কথা বলেন কর্মীদের।
এদিন সাংগঠনিক বৈঠক থেকে অভিষেক বলেন, হাতে আর মাত্র ২২ দিন৷ সময় আছে৷ সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে৷ লজিক্যাল ডিসক্রেপেন্সির তালিকা বেরনোর পর আগামী ১০-১২ দিনের মধ্যে ১ কোটি ৬৮ লক্ষ মানুষের কাছে পৌঁছতে হবে৷ একজন ভোটারও যাতে বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে। তিনি একগুচ্ছ বিষয়ে কর্মীদের সতর্ক করে দেন৷ বিশেষ করে ২৯৪টি বিধানসভায় কেন্দ্রের ওয়াররুম নিয়ে তাঁর কাছে যে তথ্য রয়েছে তা নিয়ে বলেন, কয়েকটি জায়গায় ওয়াররুম ‘ডিফাংক্ট’ হয়ে আছে৷ সেগুলোকে আগামী দু’দিনের মধ্যে অ্যাক্টিভ করতে হবে৷ এই ওয়াররুম চালানোর দায়িত্ব ছিল সাংসদ ও।বিধায়কদের ওপর। কিন্তু তা হয়নি৷ হুঁশিয়ারির সুরে তিনি বলেন, যারা সিরিয়াসলি কাজ করবে না, দল তাদের রাখবে না৷ প্রয়োজনে গাঁটের টাকা খরচ করে ওয়াররুম চালাতে হবে সাংসদদের৷ আমরা অন্য দলের মতো আপনাদের থেকে ৫০ শতাংশ টাকা নিই না৷ এটা জীবনের সব থেকে বড় লড়াই৷ সাংসদদের রোজ সংসদে যাওয়ার দরকার নেই। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আগামী ২২ দিন এই লড়াইটা আমাদের দিতে হবে। অভিষেকের নির্দেশ, ২৯৪টি বিধানসভার প্রতিটি ওয়াররুমের রিপোর্ট আগামী ১৭-১৮ দিন ধরে রোজ আমার কাছে দিতে হবে। তিনি স্পষ্ট জানান, লজিক্যাল ডিসক্রেপেন্সির তালিকা বেরনোর ১০ দিনের মধ্যে শুনানি প্রক্রিয়া শেষ হবে৷ আমাদের প্রতিটি বুথে ভোটরক্ষা কমিটি তৈরি করতে হবে৷ সেখানে ১০-১২ জন থাকবেন৷ থাকবেন বিএলএ-২, বুথ সভাপতি, মূল সংগঠন থেকে যুব, ছাত্র, মহিলা, আইএনটিটিইউসি ও অন্য প্রতিনিধিরা৷ ১ কোটি ৩৬ লক্ষ লজিক্যাল ডিসক্রেপেন্সির সঙ্গে আরও ৩২ লক্ষ আনম্যাপড, এদের প্রত্যেকের বাড়ি পৌঁছতে হবে৷
উন্নয়নের পাঁচালি সম্পর্কে অভিষেকের নির্দেশ, এই কর্মসূচি চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে যেমন চলছে, চলবে৷ তবে উন্নয়নের সংলাপ বিষয়টি সারাদিন এসআইআর কাজ করার পর সন্ধেবেলায় সরকারের উন্নয়নের কাজ নিয়ে তৈরি ৫৮ মিনিটের তথ্যচিত্র তৈরি করা হয়েছে সেটি দেখাতে হবে।

Be the first to comment