রোজদিন ডেস্ক, কলকাতা:- আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএল ফাইনালে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। গত ১৭ বছরে দুই দলের প্রাপ্তি শুধুই হতাশা। তিনবার ফাইনালে উঠলেও আরসিবি’কে ফিরতে হয়েছে খালি হাতেই। পাঞ্জাব কিংসের অবস্থাও একই রকম। ২০১৪ সালে খেতাবের খুব কাছে পৌঁছলেও স্বপ্নপূরণ হয়নি।
দলকে ঐক্যবদ্ধ রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কোহলি। সতীর্থদের উজ্জীবিত করছেন নানাভাবে। লক্ষ্য একটাই— আরসিবি’কে চ্যাম্পিয়ন করা। ফাইনালেও জ্বলে ওঠার জন্য তিনি সংকল্পবদ্ধ। বিরাট জানেন, ক্রিকেট দুনিয়ার ফোকাস থাকবে তাঁর উপর। প্রবল প্রত্যাশা ও চাপ কাটিয়ে কীভাবে লক্ষ্যপূরণ করতে হয়, তা ভালোই জানেন ভিকে। তাই মহাম্যাচের আগে তিনি শান্ত ও সংকল্পবদ্ধ।
পাঞ্জাবের ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং ঝড়ের গতিতে রান তুলতে পারেন। আক্রমণাত্মক জস ইংলিশকে সামলানো বড় চ্যালেঞ্জ আরসিবি’র বোলারদের। তবে ব্যাটিংয়ের আসল স্তম্ভ শ্রেয়স। বড় মঞ্চের নায়ক তিনি। গত ম্যাচে কার্যত একার হাতে জিতিয়েছেন দলকে। ফাইনালেও পাঞ্জাব অধিনায়ক জ্বলে উঠলে কোহলিদের কপালে দুঃখ রয়েছে। পরের দিকে আছেন নেহাল ওয়াধেরা, স্টোইনিস ও শশাঙ্ক সিং। অবশ্য এটা অস্বীকার করার উপায় নেই যে, মার্কো জানসেনের অভাব বোঝা যাচ্ছে পাঞ্জাবের পেস বোলিংয়ে। গত ম্যাচে বড়ই সাদামাটা লেগেছে অর্শদীপকে। বরং জেমিসন, ওমরজাইকে বেশি কার্যকরী লেগেছে। স্পিনার হিসেবে চাহাল না হরপ্রীত, কাকে খেলানো হয়, সেটাই দেখার। খেলা শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্টারস্পোর্টস ও জিওহটস্টারে।

Be the first to comment