প্রধানমন্ত্রী সভার ২৪ ঘণ্টা আগে সিঙ্গুরে পড়ল বিতর্কিত পোস্টার

Spread the love

রোজদিন ডেস্ক : আজ হুগলির সিঙ্গুরে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়েছে দলীয় সভাও। তার ২৪ ঘণ্টা আগে সিঙ্গুরে প্রতিবাদ সভা করেছে তৃণমূল কংগ্রেস। ফলে বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর সিঙ্গুর সফরে নিয়ে চড়ছে রাজনীতির পারদ। এরই মধ্যে সিঙ্গুরের রতনপুর -সহ কিছু এলাকায় পড়ল পোস্টার। যা নিয়ে তুমুল চর্চা এখন সিঙ্গুর জুড়ে।
অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাগানো ওই পোস্টারে প্রধানমন্ত্রীর সভাকে নিয়ে লেখা হয়েছে, ‘নাগরিকত্ব হরণ সভা’। কোনও পোস্টারে ‘বাঙালিকে কেন ধোঁকা দিলে?’ এই ধরনের লাইন। কোনও পোস্টারে ছাব্বিশের ভোটে বিজেপিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মোটামুটি ভাবে ২৪ ঘণ্টা আগে সিঙ্গুরের মাটিতে তৃণমূল নেতারা যে ধরনের বক্তব্য রেখেছিলেন, সেই সুরেই বিভিন্ন কথা লেখা হয়েছে ওই পোস্টারে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই নিয়ে স্পিকটি নট।
আজ রবিবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক সভার পাশাপাশি রয়েছে রাজনৈতিক কর্মসূচিও। আজই ৮৩০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন তিনি। বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করবেন। শিলান্যাস করবেন জলপথ পরিবহণ টার্মিনাল এবং একটি রেল ওভারব্রিজেরও উদ্বোধন করবেন তিনি। জয়রামবাটী–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধন হবে। এই লাইন তারকেশ্বর–বিষ্ণুপুর নতুন রেললাইন প্রকল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই সংযোগের ফলে বাঁকুড়া ও হুগলি জেলার মধ্যে যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে আরও তিনটি অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রাপথের সূচনা করবেন তিনি। সাড়ে ৩টে নাগাদ সিঙ্গুরে রয়েছে তাঁর দলীয় জনসভা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*