রোজদিন ডেস্ক : গুরুতর অসুস্থ কেউ হামাগুড়ি দিয়ে আসছেন, কেউ বা আসছেন অনপক কষ্টে, কেউ বিশেষ চাহিদাসম্পন্ন, সঙ্গে বৃদ্ধ-বৃদ্ধারা দলে দলে আসছেন হিয়ারিং সেন্টারে। অভিযোগ মানা হচ্ছে না সুপ্রিম নির্দেশ। কমিশনের কড়া নির্দেশিকার পরও মিলছে না সুফল। হিয়ারিং নিয়ে মানুষের হয়রানি জারি আছে। মানুষের অভিযোগ, কমিশনের নির্দেশ অমান্য করে বিএলওরা বাড়ি যাচ্ছেন না। তাই বাধ্য হয়েই হিয়ারিং সেন্টারে আসতে হচ্ছে অসুস্থ, বৃদ্ধ, বৃদ্ধাদের। এমনই ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ব্লক ২ বিডিও অফিস সংলগ্ন মাঠের হিয়ারিং সেন্টারে। বৃহস্পতিবার হিয়ারিংয়ে এসে একরাশ ক্ষোভ উগরে দিলেন অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা ও বিশেষ চাহিদাম্পন্ন ভোটাররা। কমিশনের নির্দেশ ছিল, বিশেষ চাহিদাসম্পন্ন, বৃদ্ধ, অসুস্থদের বাড়ি গিয়ে হিয়ারিং করতে হবে। কিন্তু একেবারে উল্টো ছবি দেখা গেল এদিন ওই হিয়ারিং সেন্টারে। আমিরুল ইসলাম মোল্লা, আব্বাস সিদ্দিকী মন্ডল, অসুস্থ শফিরন বিবি, গোলাম মোল্লা-সহ একাধিক অসুস্থ ও বিশেষ চাহিদা সম্পরা হাজির শুনানি কেন্দ্রে। নিজেদের নথি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন লম্বা লাইনে। তাঁদের সকলের এক সুর, বলছেন, আমরা অসুস্থ, তবুও আজ বাধ্য হয়ে নিজেদের নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্য শুনানি কেন্দ্রে এসেছি। বিএলওদের বাড়ি যাওয়ার কথা ছিল। সেই নির্দেশ তারা মানছেন না। তাই বাধ্য হয়ে আমরা আজ শুনানি কেন্দ্রে অসুস্থ অবস্থায় এসেছি। সবমিলিয়ে ক্ষোভ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

Be the first to comment