এসআইআর হিয়ারিংয়ে মিলল আজব ফর্ম! চাঞ্চল্য সোনারপুরে

Spread the love

রোজদিন ডেস্ক : বাসিন্দা সোনারপুরের, এসআইআর হিয়ারিংয়ে গিয়ে হাতে পেলেন ফর্ম, তাতে লেখা বিধানসভা কাটোয়া! এখানেই শেষ নয়৷ সেই আজব ফর্মে আবার রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক স্কুল শিক্ষা দফতরের লোগো। কমিশনের এই কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নং ওয়ার্ডের ২৫২ ও ২৫৩ নং বুথে। দেখা যাচ্ছে, হিয়ারিংয়ে উপস্থিত ভোটারদের একাংশের হাতে যে ফর্ম দেওয়া হচ্ছে, তাতে রয়েছে কাটোয়া বিধানসভার নাম ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাইমারি স্কুল শিক্ষা দফতরের লোগো। নির্বাচন কমিশনের হিয়ারিংয়ে এই ধরনের ফর্ম কেন এবং কোন নির্দেশে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ২৫২ ও ২৫৩ নং বুথের মোট ১৫০ জনকে ডাকা হয়েছিল হিয়ারিংয়ের জন্য। অভিযোগ, যাদের পরিবারের সদস্য সংখ্যা ৬ বা তার বেশি, তাঁদের হাতে এই বিশেষ ফর্ম তুলে দেওয়া হচ্ছিল। ফর্মটি দেখতে শিক্ষা দফতরের পোর্টালের ফর্মের মতো বলেই দাবি ভোটারদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর। তিনিও এই ঘটনার প্রতিবাদ জানান। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিএলওদের সঙ্গে কথা বলা হলেও কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ। তিনি আরও অভিযোগ করেন, এটা নির্বাচন কমিশন ও বিজেপির চক্রান্ত। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
বিডিও অফিস সূত্রে জানানো হয়েছে, এই ধরনের কোনও ফর্ম বিলির নির্দেশ প্রশাসনের তরফে দেওয়া হয়নি। ফলে এই আজব ফর্ম কোথা থেকে এল এবং কেনই বা ভোটারদের তা দেওয়া হচ্ছে, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*