রোজদিন ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বিঘ্নে সরস্বতী পুজোর আয়োজনে রাজ্যকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ক্যাম্পাসে এই পুজোকে কেন্দ্র করে যেন অপ্রীতিকর কোনও ঘটনা না-ঘটে, কর্তৃপক্ষকে তাও নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার আদালত জানিয়েছে, নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে স্থানীয় থানার সাহায্য নিতে পারবেন কর্তৃপক্ষ। যাদবপুর থানাকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সরস্বতী পুজোয় প্রবেশ ও প্রস্থানে থাকবে বাড়তি নজরদারি। বিশ্ববিদ্যালয়ে অশান্তি নিয়ে আগেই দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় এদিন সিসিটিভি বসানো নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী চার সপ্তাহের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। রাজ্য জানায় যাদবপুরে সরস্বতী পুজোর দিন প্রচুর বহিরাগতের সমাগম হয় ক্যাম্পাসে। সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হোক। প্রধান বিচারপতি এর পরেই নির্দেশ দেন, পুলিশ ওইদিন যাবতীয় নিরাপত্তা সুনিশ্চিত করবে। পাশাপাশি ১০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়কে কাজের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

Be the first to comment